হারিয়ে যেতে দেব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়তমা বিউটি কুইন
আশা করি ভালোই আছ। জানো কি? যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, সেদিনই তুমি আমার মন রাঙিয়ে দিয়েছিলে। যেমনিভাবে ডিরেক্ট ডাই রাঙায় নিট ফেব্রিককে...।
বিশ্বাস করো...সেদিন থেকেই বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো অস্থির আমার এ মন...।
তুমি কেন বোঝো না...আমার ভালোবাসার জোর নগণ্য টিস্যু পেপারের মতো নয়...এয়ার জেট মেশিনে তৈরি এক টুকরা ওভেন ফেব্রিকের মতোই শক্তিশালী...। তুমি কি বুঝবে না এ ভালোবাসা...? তবে কেন এক পুরনো হ্যান্ড লুমের মতো আমায় এত অবহেলা...?
প্রতি মুহূর্ত, প্রতিক্ষণ...আমার স্বপ্নে ভেসে ওঠো তুমি। কটন ফাইবারের মতো স্নিগ্ধ, শুভ্র তোমার ওই হাসি...হাই কোয়ালিটি সিল্ক ফাইবারের মতো তোমার ঝলমলে চুল যেন আমায় স্বপ্নে আচ্ছন্ন করে রাখে... সেই আবেশ পৌঁছায় আমার অনুভবে...।
কী দোষ ছিল আমার? মাইনর কিছু ডিফেক্ট তো সবকিছুর মধ্যেই থাকে। তাই বলে কি তোমার মনের টেস্টিং ডিপার্টমেন্ট আমাকে রিজেক্ট ঘোষণা করবে...? এ কেমন বিচার বলো...?
কম্পিউটারাইজড কাটিং মেশিনের মতো তুমি আমার হৃদয়টাকে কেটে ফালা ফালা করে দিলে। তুমি প্রমাণ করে দিলে...কনভেনশনাল কম্বিং মেশিনের চেয়েও তুমি ভয়াবহ...অটো বেল ওপেনারের স্পাইকগুলোর চেয়েও তুমি নির্মম...।
জানো কি...? হতাশায় ডুবলেও আমি এখনো আশা ছাড়িনি। এত সহজে হেরে যাওয়ার পাত্র আমি নই। আমি পণ করেছি, মসলিন-জামদানির মতো হারিয়ে যেতে দেব না তোমাকে...।
আমার জীবনে যে তুমি বেসিক টেক্সটাইলের মতোই অপরিহার্য...।
চলো না...সব ভেদাভেদ, সব জেদ ভুলে যাই। চলো না...দুজনে মিলে ডেনিম ফেব্রিকের মতো হয়ে যাই। যার এক পাশ তুমি, আর আরেক পাশ আমি...।
তুমি হবে ওয়ার্প, আর আমি হব ওয়েফট...।
দুজনে মিলে সৃষ্টি করব শক্তিশালী ভালোবাসার ইন্টারলেসমেন্ট...।
ইতি, তোমারই ‘বায়ার’